ঢাকা : পদত্যাগ করেছেন সোনালী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরী।
সোমবার (২ মার্চ) সকালে তিনি পদত্যাগপত্র জমা দেন।
সোনালী ব্যাংকের চেয়ারম্যান হওয়ার আগে মুসলিম চৌধুরী মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি সাবেক অর্থসচিব।
পদত্যাগের কারণ জানতে চাইলে মুসলিম চৌধুরী সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বলেন, ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছি।
তবে ব্যাংকের অভ্যন্তরীণ সূত্রগুলো বলছে, সাম্প্রতিক সময়ে বিভিন্ন মহলের চাপের কারণেই তিনি পদত্যাগে বাধ্য হয়েছেন। সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, গত মাসে জাতীয় নির্বাচনের পর জিয়া পরিষদের ব্যানারে ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের ওপর বিভিন্ন ধরনের চাপ প্রয়োগ করা হয়। তাদের দাবির মধ্যে অন্যতম ছিল সংগঠনটির সমর্থিত ব্যক্তিদের প্রধান কার্যালয়সহ ঢাকার বিভিন্ন শাখায় বদলি করা। দিন দিন এই চাপ বাড়তে থাকায় চেয়ারম্যান পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে ধারণা করছেন কর্মকর্তারা।
প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের ২৮ আগস্ট মোহাম্মদ মুসলিম চৌধুরীকে সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদে পরিচালক ও চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। দীর্ঘ সরকারি চাকরিজীবনের অভিজ্ঞতা সম্পন্ন এই কর্মকর্তার ব্যাংকটির দায়িত্ব গ্রহণের ঠিক ছয় মাসের মাথায় পদত্যাগ করলেন তিনি।
এমটিআই

আপনার মতামত লিখুন :