মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের লৌহজংয়ে চোর সন্দেহে গণপিটুনিতে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ ৫ জনকে আটক করেছে।
মঙ্গলবার (৩ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার হলদিয়া ইউনিয়নের সাতঘড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- গোয়ালীমান্দ্রা বেদে পল্লী গ্রামের ফরহাদ মিয়ার ছেলে মো. সাগর হোসেন (২৪) ও শহিদুল ইসলামের ছেলে ছানারুল (১৮)।
গণপিটুনির ঘটনায় আটককৃত হলেন, সাতঘড়িয়া গ্রামের মৃত. সুরুজ মাতবের ছেলে ফেরদৌস মাতবর(৩৬), মো. রাজু আহম্মেদ ছেলে শামীম আহম্মেদ(২৬), মাহমুদ হাসান সেন্টুঢালীর ছেলে নাঈম হাসান ঢালী (২৫) আটিগাঁও গ্রামের মুখসেদ হাওলাদারের ছেলের শাওন হাওলাদার(২৮), পশ্চিম নাগেরহাটের মো.চাঁন মিয়া শেখের ছেলে আব্দুল আওয়াল শেখ(২৬)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে উপজেলার সাতঘড়িয়ার গ্রামে বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে ধরা পড়ে ঐ দুইজন। স্থানীয়রা তাদের গণপিটুনি দিয়ে গুরুতর আহত করে।
পরে স্থানীয়রা তাদের আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের দাবি, বেশ কয়েকদিন ধরে এলাকাটিতে চোরের উপদ্রব বেড়েছে। এজন্য গ্রামবাসীরা মিলে রাত জেগে গ্রাম পাহারা দিচ্ছিলেন। মধ্যরাতে উপজেলার সাতঘড়িয়া গ্রামের সরকারি কমিউনিটি ক্লিনিকের বিদ্যুতের তার চুরি করা হচ্ছে খবর ছড়িয়ে পড়লে দুজনকে আটকে রেখে গণপিটুনি দেন এলাকাবাসী।
মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মো.মেনহাজুল আলম বলেন, লৌহজংয়ে গণপিটুনিতে দুইজনকে আহত অবস্থায় স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ৫জনকে আটক করা হয়েছে। হত্যা মামলার প্রস্তুতি চলছে।
মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এমটিআই

আপনার মতামত লিখুন :