ঢাকা : ভারতের ঋণ সহায়তায় বাংলাদেশে বাস্তবায়নাধীন বড় বড় প্রকল্পগুলো নিয়ে যে সব সমস্যা তৈরি হয়েছে, সেগুলো সমাধানের আশ্বাস দিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। তিনি জানান, উভয় দেশের মধ্যে চলমান প্রকল্পগুলোর অগ্রগতি নিয়ে দুই দেশই সন্তুষ্ট। তবে যেসব বড় প্রকল্প নিয়ে জটিলতা রয়েছে, সেগুলো নিষ্পত্তির চেষ্টা চলছে।
রোববার (৮ মার্চ) সচিবালয়ে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
ভারতীয় হাইকমিশনার জানান, অর্থমন্ত্রীর সঙ্গে তার অত্যন্ত ইতিবাচক ও ফলপ্রসূ আলোচনা হয়েছে। বৈঠকে দুই দেশের মধ্যে আর্থিক খাতের সহযোগিতা জোরদার, অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
ভারতের ঋণ সহায়তা কর্মসূচির আওতায় বাস্তবায়নাধীন প্রকল্পগুলোর অগ্রগতি প্রসঙ্গে তিনি দাবি করেন, প্রকল্পগুলোর অগ্রগতি সন্তোষজনক। বড় প্রকল্পে কিছু প্রাথমিক সমস্যা থাকলেও সেগুলো সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। সামগ্রিকভাবে প্রকল্পগুলোর অগ্রগতি নিয়ে দুই পক্ষই সন্তুষ্ট বলে মন্তব্য করেন তিনি।
হাইকমিশনার জানান, বৈঠকে বাংলাদেশের আর্থিক খাতের অগ্রাধিকার বিষয়গুলো নিয়েও আলোচনা হয়েছে। বিশেষ করে ব্যবসা সহজীকরণ, কর সংস্কার এবং প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে অর্থনৈতিক কর্মকাণ্ডে আরও বেশি মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পায়।
প্রণয় ভার্মা বলেন, ভারতের ডিজিটাল পাবলিক অবকাঠামোর মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানোর অভিজ্ঞতা সম্পর্কে তিনি অর্থমন্ত্রীকে অবহিত করেছেন। প্রযুক্তির মাধ্যমে কীভাবে অর্থনৈতিক অংশগ্রহণ আরও অন্তর্ভুক্তিমূলক করা যায়, সে বিষয়েও মতবিনিময় হয়। বৈঠকে দুই দেশের উন্নয়ন সহযোগিতা প্রকল্প নিয়েও আলোচনা হয়।
বাণিজ্য প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার বিষয়ে আলোচনা হয়েছে। সমুদ্র, স্থল ও আকাশপথে বিদ্যমান যোগাযোগ ব্যবস্থাকে আরও কার্যকর ও সহজ করে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
তিনি আরও বলেন, ব্যবসা সহজীকরণের অংশ হিসেবে বিভিন্ন প্রক্রিয়া আরও সহজ করা গেলে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সহযোগিতা বাড়বে। এতে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ বাড়ার পাশাপাশি ভারতের বাজারে বাংলাদেশের রপ্তানিও বৃদ্ধি পাবে। দুই দেশের অর্থনীতিকে দ্বিপাক্ষিক ও আঞ্চলিক পর্যায়ে আরও ঘনিষ্ঠভাবে সংযুক্ত করার বিষয়েও আলোচনা হয়েছে।
বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্দর ব্যবহারের সম্ভাবনা নিয়েও ভবিষ্যতে ইতিবাচক ও গঠনমূলক আলোচনা হবে বলে আশা প্রকাশ করেন প্রণয় ভার্মা। তিনি বলেন, দুই দেশের জাতীয় উন্নয়ন অগ্রাধিকার, নতুন ধারণা, প্রযুক্তি এবং জনগণকেন্দ্রিক সহযোগিতার ভিত্তিতে ভবিষ্যতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করা সম্ভব।
প্রসঙ্গত, প্রায় আট দিন পর সচিবালয়ে দাফতরিক কাজে যোগ দেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। গত ২৮ ফেব্রুয়ারি চট্টগ্রামে নিজ নির্বাচনী এলাকায় গিয়ে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে ঢাকায় ফিরে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন তিনি। গত কয়েকদিন ধরে তিনি সেখানেই চিকিৎসাধীন ছিলেন।
এমটিআই

আপনার মতামত লিখুন :