ঢাকা : ঢাকাজেলাসহ তিন বিভাগের সাংসদদের নিয়ে বিএনপির দ্বিতীয় দিনের প্রশিক্ষণ কর্মশালা চলছে
গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে শনিবার সকাল সকাল ১০টায় এই কর্মশালার উদ্বোধন করেন দলের মহাসচিব স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সকালের পর্বে ঢাকা জেলা, ময়মনসিংহ, ফরিদপুর ও ঢাকা বিভাগের এমপিরা অংশ নিচ্ছেন।
বিকালে সমাপনী পর্বে সিলেট, কুমিল্লা ও চট্টগ্রামের এমপিদের অংশ নেওয়ার কথা রয়েছে।
সকালের পর্বে উপস্থিত আছে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, হাফিজ উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, জ্যেষ্ঠ নেতা ওসমান ফারুকসহ আরও অনেকে।
শুক্রবার দুইদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রথম দিন সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা এবং বিকালের পর্বে রাজশাহী, রংপুর, ঢাকা ও ফরিদপুর বিভাগের কিছু সাংসদ অংশ নেন।
কর্মশালায় অংশ নেওয়া একজন সংসদ বলেন, “দলীয় সাংসদগণ সংসদের বিধি-বিধান, কার্যপ্রণালী বিধিসহ বিভিন্ন বিষয়ে ধারণা দিতেই মূলত এই কর্মশালার আয়োজন করা হয়েছে।”
আগামী ১২ মার্চ এয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে বেলা ১১টায়। গত ২৩ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এই অধিবেশন আহ্বান করেন।
এয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির নির্বাচিত ২০৯ জন সংসদ সদস্যের মধ্যে ১৪৬ জন নতুন সাংসদ। ফলে নতুন এমপিদের সংসদীয় বিধি-বিধান ও কার্যপ্রণালী সম্পর্কে অভিজ্ঞতা নেই।
বিএনপির নেতারা বলেছেন, কর্মশালায় সংসদের কার্যপ্রণালী, আচরণ বিধি, বিল প্রণয়ন ও পর্যালোচনা, বাজেট সংক্রান্ত নথি বিশ্লেষণ, সংসদীয় কমিটিগুলোর কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় বিধি-বিধানগুলো নতুন নির্বাচিত সংসদ সদস্যদের সামনে উপস্থাপন করা হবে।
অভিজ্ঞ সাংসদরা তাদের অভিজ্ঞতা নতুনদের কাছে তুলে ধরবেন। সরকার এবং সরকারি দলের দক্ষতা বাড়ানোই এই কর্মশালার উদ্দেশ্য।
এই অধিবেশনকে সামনে রেখে বিএনপি তার সাংসদদের প্রস্তুত করতেই এই প্রশিক্ষণ কর্মশালার ব্যবস্থা করেছে। সংসদ বিশেষজ্ঞ, শিক্ষাবিদ ও প্রবীণ সাংসদরা এই প্রশিক্ষক কর্মশালায় সংসদ কার্যকর করতে সংসদের সাংসদ ও মন্ত্রিসভার সদস্যদের দায়িত্ব এবং ভূমিকা কী হবে তা তুলে ধরবেন।
এমটিআই

আপনার মতামত লিখুন :